শিলিগুড়ির প্রবীণ নাগরিকদের ভরসা হয়ে উঠছে স্বনির্ভরগোষ্টীর মহিলারা
দি নিউজ লায়ন; কোভিডের তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মাঝে শিলিগুড়ি শহরের প্রবীণ নাগরিকদের ভরসা হয়ে উঠছে স্বনির্ভরগোষ্টীর মহিলারা। সন্তানসন্ততিরা শহরের বাইরে থাকেন!চাকুরী, বাণিজ্য বিবাহ কিংবা উচ্চ শিক্ষার কারনে ছেলে মেয়েদের শিলিগুড়ির বাইরেই পাকাপাকি বসবাস।যার জেরে পাল্লা দিয়ে শহরের বুকে নিউক্লিয়ার পরিবারে ক্রমাগত বাড়ছে একাকী থাকা প্রবীণ নাগরিকদের সংখ্যা।
অতিমারির এই কালে প্রবীণ নাগরিকদের নিয়েই সর্বাধিক দুশ্চিন্তা ব্যক্ত করেছেন বিশেষজ্ঞরা। তবে শহরের প্রবীণদের সুরক্ষার দায়িত্ব এবারে নিজ কাঁধে তুলে নিচ্ছে শিলিগুড়ি পুরনিগমের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। শিলিগুড়ি পুরনিগমের প্রায় একমাস যাবৎ চালু করা হয়েছে একটি হেল্প লাইন নাম্বার। সেই হেল্প লাইন নাম্বারে ফোন করলেই বাড়ির দরজায় মিলবে ওষুধ থেকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী। প্রতি ওয়ার্ডে দুজন করে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে টিম তৈরি করা হয়েছে। তারাই এই কাজ করছে।
ওয়ার্ড ভিত্তিক নিযুক্ত দুজন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ফোনের বাতলে দেওয়া বিররন অনুযায়ী এলাকার প্রবীণদের বাড়ির দরজায় পৌঁছে যাচ্ছে জরুরী ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে। শুধু একবার ফোন ঘোড়াবার অপেক্ষামাত্র! শিলিগুড়ি পুরনিগমের ইউপি দপ্তরের আধিকারিক জানাচ্ছেন এই পুরো কাজটিই মহিলারা প্রায় নিঃস্বার্থভাবে সহনাগরিকদের সহায়তার তাগিদেই করছেন।পুরনিগমের হেল্পলাইন নাম্বারে ফোনে এলে প্রবীণ সেই নাগরিকদের সঙ্গে যোগাযোগ করছে ওই এলাকার সংশ্লিষ্ট কাজে যুক্ত স্বনির্ভর গোষ্ঠী মহিলারা।
তাদের কাছে প্রয়োজনীয় সামগ্রীর তালিকা ও তার বাবদ অর্থ নিয়ে তাদের দরজায় তা পৌঁছে দিচ্ছেন। এইকাজের জন্য প্রবীণদের কাছ থেকে কোনো অতিরিক্ত অর্থ তারা নেবেন না। অন্যদিকে এইকাজে যাতায়াতের ক্ষেত্রে যে খরচ পড়ছে তাদের শুধুমাত্র সেই অর্থটুকুই পুরনিগমের তরফে প্রদান করা হয় মহিলাদের।
শিলিগুড়ি পুর প্রশাসক বোর্ডের তরফে জানানো হয় শিলিগুড়ি ৪৭টি ওয়ার্ডে কোভিডের হাইটাইম থেকে এলাকার প্রবীণদের সহায়তায় এই পরিষেবা চালু করা হয়েছে। প্রচুর প্রবীণ অভিভাবকেরা একাকী ফ্ল্যাট বা বাড়িতে থাকেন। কোভিডের সময়তে বয়স্কদের বাইরে বেড়িয়ে হাটবাজার করা একেবারেই নিরাপদ নয় তাই তাদের সাহায্যে প্রয়োজনীয় সামগ্রী বাড়িতেই পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিয়েছে পুরনিগম। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা খুব ভালো কাজ করছেন। তাদের সুরক্ষার বিষয়টি পুরনিগম দেখছে।

Post a Comment